চোরাচালানকারীদের অন্যতম পছন্দের রুট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ নানান পণ্য উদ্ধারের ঘটনা থামছেই না৷ এবার দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জব্দ করা ৪০ কেজি ওজনের এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব ক্রিম আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগাম তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ধরনের পণ্য দেশে প্রবেশ এবং বাজারে ছড়িয়ে পড়া ঠেকাতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Source - www.bd24live.com ↗