খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় আওয়ামী লীগ নেতার ছোট ভাইকে আটক করাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গত শুক্রবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনার সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নালের ছোট ভাই আমির হোসেনকে আটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে জয়নালের আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ সময় তারা আমির হোসেনকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। হামলায় আহতদের মধ্যে শফিকুল ইসলাম সুজন (৩০), মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. ফারুক হোসেন (৩০) রয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫

বাকি দুজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তবে ঘটনার কারণ সম্পর্কে ভিন্ন বক্তব্য দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিব। তার অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় বিএনপির নেতাকর্মীরা ৭ নভেম্বরের কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা করছিলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা তাদের ওপর হামলা চালান।
একপর্যায়ে আমির নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হলে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে। হাবিব আরও জানান, হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হামলার পর বিভিন্ন বাড়িতে আক্রমণের অভিযোগও স্থানীয়ভাবে শোনা গেছে। তবে এ বিষয়ে শনিবার রাত ৮টা পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ চৌধুরী।
ওসি রাশেদ চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
The post মানিকছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗