Bangladesh · 2026-11-07 20:34:37

গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে তীব্র গরমে দুই সদস্যের মৃত্যু

গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে তীব্র গরমে দুই সদস্যের মৃত্যু
শনিবার রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গরমে অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃত্যুবরণকারী সদস্যরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন অন্যান্য অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বাত্মক ও সর্বোত্তম চিকিৎসাসেবা সুনিশ্চিত করার নির্দেশ দেন এবং অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসার সমুদয় ব্যয়ভার সরকার বহন করবে বলে জানান।

একই সাথে প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন, গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।

এছাড়া নিহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়ীতে পৌঁছানো এবং সম্মানজনক দাফন-কাফনের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

The post গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে তীব্র গরমে দুই সদস্যের মৃত্যু appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗