Bangladesh · 2026-11-07 21:48:32

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১৬

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১৬
চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও। এতে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় মামলা করা হয়েছে। বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। হামলার পরও পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

The post চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১৬ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗