Bangladesh · 2026-11-08 07:47:30

৭৫ কোটি টাকা হাতিয়ে উধাও দুই সমবায় সমিতির মালিক

৭৫ কোটি টাকা হাতিয়ে উধাও দুই সমবায় সমিতির মালিক
জামালপুরের সরিষাবাড়ী ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুটি এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই উপজেলার সীমান্তবর্তী সয়া বাজারে ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতির’ কয়েক হাজার গ্রাহক কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ ও প্রতারণার শিকার গ্রাহকরা শুক্রবার বিকেলে সয়া বাজারে সমিতি দুটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, সমিতির মালিক রফিক ইসলাম ও আব্দুল লতিফ অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেন। দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নেওয়ার পর সম্প্রতি হঠাৎ কার্যালয় বন্ধ করে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী গ্রাহকরা জানান, কেউ শেষ বয়সের সম্বল, কেউ সন্তানের ভবিষ্যৎ কিংবা সংসারের জরুরি প্রয়োজনের জন্য জমানো টাকা এসব প্রতিষ্ঠানে আমানত রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে অনেক গ্রাহক কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

The post ৭৫ কোটি টাকা হাতিয়ে উধাও দুই সমবায় সমিতির মালিক appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗