Bangladesh · 2026-11-08 08:40:36

১০ বছর বয়সেই হাফেজ, কোরআনের ৩০ পারা মুখস্থ মাত্র ৮ মাসে

১০ বছর বয়সেই হাফেজ, কোরআনের ৩০ পারা মুখস্থ মাত্র ৮ মাসে
লক্ষ্মীপুরের কমলনগরে মাত্র আট মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুর রহমান। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও মাদ্রাসার সংশ্লিষ্টরা।

সাধারণত পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করতে একজন শিক্ষার্থীর দুই থেকে তিন বছর সময় লাগে। তবে নিয়মিত অধ্যবসায়, একাগ্রতা ও পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগের কারণে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান।

জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে কোরআন মুখস্থ করার যাত্রা শুরু করে সে। প্রথম দিকে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে মুখস্থ শোনাত। পরে তার পড়ার গতি বাড়তে থাকে। একপর্যায়ে প্রতিদিন পাঁচ থেকে ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শিক্ষকদের শোনায় সে।

মাদ্রাসার শিক্ষকেরা জানান, পড়াশোনার প্রতি আব্দুর রহমানের আগ্রহ ও মনোযোগ ছিল চোখে পড়ার মতো। অন্য শিক্ষার্থীরা বিকেলে খেলাধুলায় সময় কাটালেও সে নিজের কক্ষে বসে পড়াশোনা করত। হাফেজ হওয়ার দিনেও তাকে নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখা গেছে।

আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অবস্থিত ফয়জুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার ৩ নম্বর চর লরেন্স ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

মাত্র আট মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে উচ্ছ্বসিত আব্দুর রহমান। ভবিষ্যতে বড় আলেম হওয়ার স্বপ্ন দেখে সে। তার বাবা আনোয়ার হোসেন পেশায় ব্যবসায়ী। ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল মায়ের। সেই স্বপ্ন পূরণ হওয়ায় ছেলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন, আল্লাহর অশেষ অনুগ্রহে আব্দুর রহমান মাত্র আট মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করতে পেরেছে। এত অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। চলতি বছর তাঁদের প্রতিষ্ঠান থেকে আরও পাঁচজন শিক্ষার্থী হাফেজ হয়েছে। এটি মাদ্রাসার জন্য গর্বের বিষয়।

Source - www.bd24live.com ↗