রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভেতরে পকেট গেটে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ৩৪ মিনিটের দিকে পকেট গেটের মসজিদসংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
পকেট গেটে দায়িত্বরত আনসার সদস্য ইউসুফ জানান, ক্যাম্পাসের বাইরে থেকে ককটেল দুটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিক্ষেপ করা হয়। পরে সেগুলো পকেট গেটের প্রাচীর টপকে মসজিদসংলগ্ন এলাকায় পড়ে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় ছাত্রলীগ ও ক্যাম্পাসের ভেতরের কয়েকজনের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবীর। তিনি বলেন, ঘটনাস্থলের লাইট বন্ধ থাকা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী। তিনি বলেন, ‘ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা রয়েছে। সকালে ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে।’
শেকৃবি ক্যাম্পাসে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Source - www.bd24live.com ↗