Bangladesh · 2026-11-08 11:45:01

ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল

ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল
জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আল–মামুন মিয়াকে অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে জেলা ছাত্রদল। গতকাল শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করার ঘটনায় ক্ষোভ জানিয়ে সংগঠনটি এ দাবি তুলেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদল এ দাবি জানায়। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম বিজ্ঞপ্তিটি তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন।
ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোলবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যে বারবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেছেন। এ ঘটনায় জেলা ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণ করা না হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ প্রথম আলোকে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তাৎক্ষণিকভাবে তাঁরা প্রতিবাদ করেছেন। তিনি বলেন, ‘আমরা জেলা প্রশাসকের অপসারণ চাই। তাঁর অপসারণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছি।’
গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিষয়টি নিয়ে হট্টগোল হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জেলা প্রশাসক, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলে সম্বোধন করলে অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি প্রতিবাদ জানালে সভায় উত্তেজনা সৃষ্টি হয়। এর আগে সভার ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপি ও ছাত্রদলের নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান জেলা প্রশাসক আল–মামুন মিয়া। ব্যানারে ছবি না থাকার বিষয়ে তিনি গতকাল প্রথম আলোকে বলেছিলেন, ইন্টারনেট থেকে ছবি নিয়ে ব্যানারটি তৈরি করা হয়েছিল।
ছাত্রদলের অপসারণের দাবি নিয়ে জেলা প্রশাসক আল–মামুন মিয়ার বক্তব্য জানতে আজ রোববার সকালে তাঁর সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

Source - www.prothomalo.com ↗