Bangladesh · 2026-11-08 11:38:47

ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার

ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার
৪ উপজেলার ২৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি–সংশ্লিষ্ট।
ঠাকুরগাঁওয়ের ৪টি উপজেলার ২৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি–সংশ্লিষ্ট। অভিযোগ উঠেছে, তাঁদের অনেকেরই সার ব্যবসার অভিজ্ঞতা নেই। এমনকি কয়েকজনের নির্ধারিত ধারণক্ষমতার গুদামও নেই।
এদিকে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছেন, এমন কয়েকজন ব্যবসায়ী আবেদন করেও ডিলার হতে পারেননি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় না থাকায় তাঁরা বঞ্চিত হয়েছেন। অবশ্য কৃষি বিভাগ ও সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছেন।
৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের সই করা চিঠিতে বালিয়াডাঙ্গী উপজেলার ৭টি ইউনিয়ন, রানীশংকৈল উপজেলার ১টি পৌরসভাসহ ৮টি, হরিপুর উপজেলার ৫টি এবং পীরগঞ্জ উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে সারের ডিলার নিয়োগের বিষয়টি জানানো হয়।
গোলাম মর্তুজা সেলিম, সদস্যসচিব, জাতীয় কৃষক শক্তিকৃষিপ্রধান দেশে ফসল উৎপাদন নিশ্চিত করতে সারের সরবরাহ সহজলভ্য করা জরুরি; কিন্তু সেখানে আমরা সারের ডিলার নিয়োগেও দলীয়করণ দেখছি।খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগ পাওয়া ৩১ জনের মধ্যে ৪ জন বিএনপির পদে রয়েছেন। এ ছাড়া বিএনপির সাবেক একজন নেতা, একজন সমর্থক, ছাত্রদলের সাবেক দুই নেতা, মহিলা দলের একজন নেত্রী এবং তাঁতী দল ও ওলামা দলের একজন করে নেতা ডিলারশিপ পেয়েছেন। ৯ জন বিএনপি নেতার স্ত্রী, ৪ জনের সন্তান, ২ জনের ভাই, এক নেতার স্বজন ও সংসদ সদস্যের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এক ব্যক্তি ডিলার হয়েছেন। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা এবং দুজন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে।
তালিকায় বিএনপি–সংশ্লিষ্ট ব্যক্তিরা
পীরগঞ্জ পৌরসভায় সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূল হকের স্ত্রী শ্যামলী আক্তার। পৌরসভার জগথা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে তাঁর সার বিক্রির ব্যবসা ছিল না।
উপজেলার ভোমরাদহ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম। কোষারানীগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ। খনগাঁও ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার। পীরগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের মেয়ে শবনম মুস্তারী সিনথিয়া, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম এবং দৌলতপুর ইউনিয়নে সংসদ সদস্য জাহিদুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোজাফর রহমান সার ডিলার হয়েছেন।
এ ছাড়া সেনগাঁও ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, সৈয়দপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, জাবরহাট ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমানের ছেলে আহমেদ আব ইয়াজ এবং বৈরচুনা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সমর্থক লুৎফর রহমান সারের ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।
পয়গাম আলী, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি
দীর্ঘদিন দলের নেতা-কর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন তাঁদের অনেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিচ্ছেন। এ কারণে সারের ডিলারের জন্য আবেদন করেছেন। ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না।
উপজেলার পারিয়া ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আরফান আলীর স্ত্রী নাজনীন বেগম। আরফান আলী টিসিবির ডিলার হলেও তাঁর স্ত্রী আগে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাবেদের স্ত্রী সাবিনা আক্তার, বড় পলাশবাড়ী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, দুওসুও ইউনিয়নে তাঁতী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হায়দার আলী এবং ভানোর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম ডিলার হয়েছেন।
আমজানখোর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদের বড় ভাই জহিরুল হক ও বড়বাড়ী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলীর স্ত্রী নুরজাহান আক্তার ডিলার হয়েছেন। এ উপজেলায় চাড়োল ইউনিয়নের ডিলার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি।
রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদের বড় ভাই জাহাঙ্গীর আলমের প্রতিষ্ঠান মেসার্স জিএস ট্রেডার্স ডিলারশিপ পেয়েছে। সিঙ্গাপুরপ্রবাসী জাহাঙ্গীর আলম গত ৫ সেপ্টেম্বর দেশে আসেন। তিনি জানান, ছোটভাই মিলন মাহমুদের পরামর্শে দেশে এসে তিনি সার ডিলারের জন্য আবেদন করেন।
রানীশংকৈল পৌরসভায় সারের ডিলার হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। তিনি এর আগে তিনি সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এ ছাড়া ধর্মগড় ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। হোসেনগাঁও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন, লেহেম্বা ইউনিয়নে বিএনপির সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. হাসানের মেয়ে মিথিলা সানজিদা সিমি, কাশিপুর ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেনের স্ত্রী ময়না আক্তার এবং নন্দুয়ার ইউনিয়নে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি কামাল আনোয়ার আহাম্মদের খালাতো ভাই রকিবুল হাসান ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।
বাচোর ইউনিয়নে ডিলার হয়েছেন মালিক রতন রায়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে।
হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে ডিলার হয়েছেন সায়েদ আলী। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এই ইউনিয়নে ডিলারশিপ পেতে আবেদন করেছিলেন হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তবে চূড়ান্ত তালিকায় তাঁর নাম নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডিলার হতে আমি টাকাও দিয়েছিলাম; কিন্তু আমাকে ডিলারশিপ দেওয়া হলো না।’
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম ৫ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন। দেশে ফিরেই পেলেন সারের ডিলারশিপ। রানীশংকৈল উপজেলার ধামের বাজরে তাঁর দোকানআমগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে মশিউর রহমান ডিলার হয়েছেন। ডাঙ্গীপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক, হরিপুর ইউনিয়নে উপজেলা ওলামা দলের সভাপতি দরিবুল ইসলাম ও ভাতুরিয়া ইউনিয়নে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন ডিলার হয়েছেন।
‘দলীয় বিবেচনায় ডিলার নিয়োগ’
রানীশংকৈল উপজেলার বটতলী বাজারের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। যাঁদের মনোনীত করা হয়েছে, তাঁদের অনেকের অভিজ্ঞতা নেই, গুদামও নেই। এতে প্রকৃত সার ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তিনি বলেন, সারের ডিলার নিয়োগে দুর্নীতি হয়েছে। যাঁর টাকা নেই, তাঁর ডিলারশিপও নেই।
সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘কৃষিপ্রধান দেশে ফসল উৎপাদন নিশ্চিত করতে সারের সরবরাহ সহজলভ্য করা জরুরি; কিন্তু সেখানে আমরা সারের ডিলার নিয়োগেও দলীয়করণ দেখছি। এতে একদিকে কৃষিব্যবস্থা হুমকির মুখে পড়বে; অন্যদিকে সার সরবরাহের চেইন একধরনের সিন্ডিকেটে রূপান্তরিত হতে পারে।’
যা বলছেন নিয়োগ পাওয়া ডিলাররা
রানীশংকৈল পৌরসভায় ডিলার হিসেবে মনোনীত পারুল বেগমের স্বামী মহসিন আলী রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়া হয়নি। যথাযথ কাগজপত্র জমা দিয়ে আমার স্ত্রী ডিলারের জন্য মনোনীত হয়েছেন।
আব্দুস সালাম, সংসদ সদস্য, ঠাকুরগাঁও-২ যাঁরা ডিলার হিসেবে নিয়োগ পাননি, তাঁরা এখন নানা কথা ছড়াচ্ছেন। সারের ডিলার নিয়োগ ইউএনও ও ডিসির মাধ্যমে হয়েছে, অনিয়ম হলে সেটা তাঁদের দায়। এখানে আমার কোনো ভূমিকা নেই।হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন বলেন, ‘আমার পরিবার অনেক বছর ধরে ব্যবসা করে। সেই হিসাবে সার ডিলার হতে আবেদন করি। যাচাই-বাছাই শেষে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছি। এখানে রাজনৈতিক বিবেচনা করা হয়নি।’
‘ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন দলের নেতা-কর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন তাঁদের অনেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিচ্ছেন। এ কারণে সারের ডিলারের জন্য আবেদন করেছেন। ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না।
অভিযোগ অস্বীকার করে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, ‘যাঁরা ডিলার হিসেবে নিয়োগ পাননি, তাঁরা এখন নানা কথা ছড়াচ্ছেন। সারের ডিলার নিয়োগ ইউএনও ও ডিসির মাধ্যমে হয়েছে, অনিয়ম হলে সেটা তাঁদের দায়। এখানে আমার কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগের যিনি নিয়োগ পেয়েছেন বলে বলা হচ্ছে, তিনি আমার নির্বাচনে কাজ করেছিলেন। নীতিমালার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে।’
সংসদ সদস্যের মন্তব্যের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সারের ডিলারের আবেদন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার কথা নীতিমালায় বলা ছিল। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে উপজেলা কমিটি যে সুপারিশ করেছে, সেটা নীতিমালার আলোকেই হয়েছে। আমরা সেই সুপারিশে কোনো পরিবর্তন আনিনি। সেই তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হলে সরকার ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগও আমরা পাইনি।’

Source - www.prothomalo.com ↗