Bangladesh · 2026-11-08 14:20:54

জুড়ীর লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের অভিযান: উদ্ধার ১৫ হেক্টর বনভূমি

জুড়ীর লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের অভিযান: উদ্ধার ১৫ হেক্টর বনভূমি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ১৫ হেক্টর বনভূমি অবৈধ দখলমুক্ত করেছে বন বিভাগ। শনিবারের এই অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফিশারির বাঁধ অপসারণের পাশাপাশি দখলকৃত জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ ও চারা কেটে ফেলা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জুড়ী রেঞ্জের লাঠিটিলা বিটের বেলবাড়ী এলাকায় রইছ উদ্দিনের দখলে থাকা বনভূমিতে লেবু, আদা, আনারস ও কলাসহ বিভিন্ন ফসলের চাষ করা হয়েছিল। এ ছাড়া পাহাড়ের গভীরে গড়ে তোলা হয়েছিল গরুর খামার, বসতঘর ও দুটি বড় ফিশারি। অভিযানকালে ফিশারির দুটি বাঁধ খুলে দেওয়া হয় এবং গরুর খামারের ঘর ভেঙে ফেলা হয়। একই সঙ্গে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন ফল ও ফসলের বাগান উচ্ছেদ করা হয়।

উদ্ধার করা বনভূমির প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারে সেখানে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বন বিভাগের শতাধিক সদস্য অংশ নেন। এ ছাড়া রূপাছড়া, হায়াছড়া, জরিছড়া, লাঠিটিলা, ডোমাবাড়ী ও দিলখুশ এলাকার প্রায় ৩০০ ভিলেজার অভিযানে সহযোগিতা করেন।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদ বলেন, লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলকে অবৈধ দখলমুক্ত করা এবং বনের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করাই তাঁদের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে বনভূমির অবৈধ দখল উচ্ছেদ করা হবে। উদ্ধার করা এলাকায় নতুন করে গাছ লাগিয়ে বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

The post জুড়ীর লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের অভিযান: উদ্ধার ১৫ হেক্টর বনভূমি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗