কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অভিযোগের তথ্য যাচাই করে শেয়ার করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াতের কয়েকজন নেতাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন, ‘গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাজিল হয়েছেন।’
রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, দ্য ডিসেন্ট ও রিউমর স্ক্যানারের মতো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এখন পর্যন্ত আমির হামজার কথিত অডিও কথোপকথন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কি না।
রাশেদ খান লেখেন, কোনো তথ্য শেয়ার করার আগে তিনি সেটির সত্যতা যাচাই করে নেন। জামায়াতের মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ও ল্যাপটপ চুরির ঘটনা, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক এবং সর্বশেষ সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত অভিযোগসংক্রান্ত তথ্যও যাচাইয়ের পর শেয়ার করেছেন বলে দাবি করেন তিনি।
জামায়াতের অভিশাপ রুপে নাজিল হয়েছেন নজরুল ও আমির হামজা: রাশেদ খান

এসব তথ্যের সত্যতা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে মানহানির মামলা বা চ্যালেঞ্জ করার নৈতিক অবস্থানে নেই বলেও পোস্টে মন্তব্য করেন রাশেদ খান।
তিনি আরও লেখেন, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দেওয়া জামায়াতের নেতৃত্বে বর্তমানে কোন শ্রেণির মানুষ রয়েছেন, তা তুলে ধরতেই তিনি এসব তথ্য প্রকাশ করেছেন।
জামায়াতের সমালোচনা করে রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে কে জামায়াত করে আর কে করে না, তা বোঝা কঠিন ছিল। তবে গণ-অভ্যুত্থানের পর নারীঘটিতসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ থাকা অনেকেই জামায়াতের পরিচয়ে সামনে এসেছেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘সুন্নতি লেবাসধারী যাদের বিরুদ্ধে অতীতে নারীঘটিতসহ অন্যান্য অপকর্মের পাহাড়সম অভিযোগ, তাদের অধিকাংশই জামায়াত রূপে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাজিল হয়েছেন।’
Source - www.bd24live.com ↗