Bangladesh · 2026-11-08 16:02:27

শেরপুরে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক ধারায় করা মামলায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু (৩৮)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে উপজেলার শেরুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজানুর ওই গ্রামের আলহাজ জয়নাল আবেদীন উদ্দিন মন্ডলের ছেলে। শেরপুর থানার সূত্র জানায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর থানায় একটি মামলা হয়। মামলার এফআইআর নম্বর ২৪ ও জিআর নম্বর ২৮৩। তদন্তে মিজানুরের নাম আসামি হিসেবে উঠে আসে।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪
ধারার পাশাপাশি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Source - www.bd24live.com ↗