Bangladesh · 2026-11-08 17:37:34

মৌলভীবাজারে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার, বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান পরিচালনাকালে বিজিবির টহল দলের ওপর হামলা চালায় সংঘবদ্ধ চোরাকারবারিরা।

আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়েন। শনিবার (৭ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাইমের ঘাট নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। বিজিবি জানায়, অভিযান চলাকালে আনুমানিক ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ চোরাকারবারি টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সদস্যদের নিরাপত্তা ও আত্মরক্ষার স্বার্থে বিজিবি এক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়ে।

এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে অভিযান অব্যাহত রেখে সিগারেটগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি হামলায় জড়িত ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

এ ধরনের অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

The post মৌলভীবাজারে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার, বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗