Bangladesh · 2026-11-08 19:25:16

কর্মসূচিতে অনুপস্থিতি: জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

কর্মসূচিতে অনুপস্থিতি: জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ
কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ না করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজ পাওয়া নেতারা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এ নির্দেশনা দেন। দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলামের স্বাক্ষরে শোকজ নোটিশ জারি করা হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন, আল বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান, শহীদ রফিক-জব্বার হল শাখার সভাপতি জাহিদ খান, শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা সত্ত্বেও কেন্দ্র ঘোষিত নির্ধারিত কর্মসূচিতে তারা অনুপস্থিত ছিলেন। তাদের এ ধরনের অসাংগঠনিক আচরণ ও দায়িত্বে অবহেলার কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

The post কর্মসূচিতে অনুপস্থিতি: জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗