পটুয়াখালী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে অর্ধ-শতাধিক পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। রাস্তার ইট তুলে ফেলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন অর্ধ-শতাধিক পরিবারের সদস্যরা।
চরম দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা। স্থানীয়দের অভিযোগ, রশিদ গাজী, জসিম গাজী, সোহাগ গাজী ও শুভ গাজী নামের কয়েকজন ব্যক্তি জমিটি নিজেদের দাবি করে প্রায় ৩০ বছর ধরে ব্যবহৃত রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। প্রায় তিন দশক আগে স্থানীয় সালিশের মাধ্যমে জমির মালিকেরা শতাধিক পরিবারের চলাচলের জন্য রাস্তাটি ব্যবহারের সুযোগ করে দেন। সম্প্রতি জমি বিক্রির পর থেকেই এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে চলাচলের জন্য রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে স্থানীয় বিএনপি নেতা নুরুল আমীন লিটন গাজী বিষয়টি মীমাংসা করে রাস্তা উন্মুক্ত করে দেন। তবে বাসিন্দাদের অভিযোগ, তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
পটুয়াখালীতে অর্ধশতাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা

এর মধ্যে গত শনিবার (৭ নভেম্বর) পুনরায় রাস্তার ইট তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। এদিকে, এ ঘটনার তথ্য সংগ্রহ করতে কয়েক দিন আগে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও উঠেছে। এতে স্থানীয়দের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে শতাধিক পরিবার যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত চলাচলের রাস্তা উন্মুক্ত করা এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় যোগাযোগ করা হলে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
The post পটুয়াখালীতে অর্ধশতাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗