Bangladesh · 2026-11-08 20:29:40

গোপনে নারীদের ভিডিও করার অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপনে নারীদের ভিডিও করার অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
বরিশালের উজিরপুরে গোপনে নারীদের ভিডিও করার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন ওরফে মিঠুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করেন। আজ রোববার পুলিশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে বায়জিদ হোসেনের বিরুদ্ধে। পরে এসব ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেল এবং অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করতেন বলেও অভিযোগ উঠেছে।
নাম গোপন রাখার শর্তে তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, শনিবার রাত ১০টার দিকে উজিরপুর পৌর এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ হোসেন প্রতিবেশী এক নারী বাথরুমে গেলে মুঠোফোনে গোপনে ভিডিও করার চেষ্টা করেন। বিষয়টি ওই নারী দেখতে পেয়ে চিৎকার করেন। স্থানীয় লোকজন এসে তাঁকে আটক করেন। পরে তাঁর মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও পাওয়া যায়। এ ঘটনায় উত্তেজিত লোকজন বায়জিদকে মারধর করেন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ এসে বায়জিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, বায়জিদ হোসেনের ব্যবহৃত মুঠোফোনের দুটি গ্যালারিতে এ ধরনের অসংখ্য পর্নো ভিডিও পাওয়া গেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বায়জিদ হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে আজ দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Source - www.prothomalo.com ↗